
◼️সাব্বির আহমেদ–কুষ্টিয়া
কুষ্টিয়া সদর উপজেলার আব্দালপুর ইউনিয়নের মধুপুর ইটভাটা পশুহাটে অনুষ্ঠিত কাঁচা তরকারির বাজারে শুক্রবার(১ আগষ্ট) দেখা গেছে নিত্যপ্রয়োজনীয় কাঁচা শাকসবজির দাম তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। কৃষক ও ব্যবসায়ীদের কাছ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সাধারণ মানুষ ন্যায্য দামে সবজি কিনতে পারছেন।
বাজার ঘুরে দেখা যায়, আলু প্রতি কেজি ২৫ টাকা, পেঁয়াজ ৫০ টাকা এবং রসুন ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচের দাম কিছুটা বেশি, যা প্রতি কেজি ১২০ টাকা। সবজির মধ্যে ঢেঁড়স ৪০ টাকা, মিষ্টি কুমড়া ৩০ টাকা, ওল ৭০ টাকা, ফুলকপি ৮০ টাকা এবং মুলা ৮০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শাকসবজির বাজারেও ক্রেতাদের পদচারণা ছিল চোখে পড়ার মতো। বারমাসী লালশাক প্রতি আটি ৪০ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, আর কচু বিক্রি হয়েছে ৩০ থেকে ৪০ টাকা দরে। চালকুমড়া ও লাউের দাম ছিল প্রতি পিচ ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত। পেঁপে প্রতি কেজি ২০ টাকা দরে এবং আম ৩০ থেকে ৫০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। ফলমূলের তালিকায় কলা প্রতি হালি ২০ টাকা এবং আমড়া প্রতি কেজি ৩০ টাকা দরে পাওয়া গেছে।
বাজারের চিত্র থেকে বোঝা যাচ্ছে, সরবরাহ স্বাভাবিক থাকায় দামও সাধারণ মানুষের নাগালের মধ্যেই রয়েছে। তবে কয়েকটি পণ্যের দামে কিছুটা উর্ধ্বগতি লক্ষ্য করা গেছে, বিশেষ করে কাঁচা মরিচ ও মুলার ক্ষেত্রে। ব্যবসায়ীরা জানিয়েছেন, পণ্যের সরবরাহ ও মৌসুমি প্রভাবের কারণে এই দাম উঠানামা করে।
এদিকে হাটে আসা অনেক ক্রেতা জানিয়েছেন, বাজারের সার্বিক পরিবেশ ভালো এবং পণ্যের মান মোটামুটি সন্তোষজনক। তারা আশা করছেন, সামনের সপ্তাহেও বাজার স্থিতিশীল থাকবে।
প্রতিবেদকের নাম 


























