
সুনামগঞ্জের ছাতকে বিশেষ অভিযান চালিয়ে ছয়টি চোরাই মোটর ও একটি ইঞ্জিনচালিত টাকাসহ চারজনকে আটক করেছে নৌ পুলিশ। উদ্ধার করা এসব যন্ত্রাংশের আনুমানিক বাজারমূল্য দেড় লাখ টাকা। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।
পুলিশ জানায়, গত ১৯ জুলাই রাত সোয়া এগারোটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ছাতক রেলওয়ে কলোনী এলাকার সুরমা নদীর তীরবর্তী একটি ভাঙারির দোকানে অভিযান চালানো হয়। সেখান থেকে চোরাই মোটরগুলো উদ্ধারের পাশাপাশি মালামাল পরিবহনে ব্যবহৃত নৌকাটি জব্দ এবং ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—কোম্পানীগঞ্জ উপজেলার তোফাজ্জল হক ও জুবের মিয়া, ছাতকের ইসলামপুর ইউনিয়নের গণেশপুর ছড়ারপাড় গ্রামের আবু বক্কর এবং ছাতক পৌরসভার বাগবাড়ি গ্রামের রমজান মিয়া।
প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ১৩ জুলাই সন্ধ্যায় থেকে ১৪ জুলাই সকালের মধ্যে কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস পূর্বপাড়া এলাকার কাটাগাং নদীর তীরে অবস্থিত বশির কোম্পানির বালুর স্টক থেকে এই মোটরগুলো চুরি হয়। পরে ১৯ জুলাই রাতে সেগুলো ছাতকে বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছিল।
পুলিশের তথ্যমতে, আটককৃতরা একটি সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ছাতক ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন ক্রাশার মিল এবং বালুর স্টক থেকে মোটরসহ বিভিন্ন মূল্যবান যন্ত্রাংশ চুরি করে আসছিল।
ছাতক নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে আটককৃতদের আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক অন্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 




















