
◼️দেলোয়ার খান–স্টাফ রিপোর্টার
জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতালের অচল যন্ত্রপাতি ও নানান দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে যোগ দিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা-১৭ আসনের মনোনীত প্রার্থী এবং বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এস এম খালিদুজ্জামান ঘোষণা দিয়েছেন যে ক্যান্সার রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিতে ১ কোটি টাকা অনুদান প্রদান করা হবে।
সোমবার(১৮ আগষ্ট) সকালে হাসপাতাল ক্যাম্পাসে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মিজানুর রহমান খান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাষানটেক উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডা. আহসান হাবীব, গুলশান পূর্ব নাগরিক উন্নয়ন ফোরামের সদস্য সচিব আব্দুল মোতালেব মইন, সাবেক ক্যান্সার হাসপাতালের কর্মকর্তা শাহজাহান সরকার, সমাজসেবক আনোয়ার এলাহি এবং ঢাকা-১৭ আসনের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. খালিদুজ্জামান বলেন, জাতীয় ক্যান্সার হাসপাতালে ৮টি রেডিওথেরাপি মেশিন থাকার পরও মাত্র দুটি সচল আছে। বাকি যন্ত্রগুলো অচল হয়ে পড়ে আছে, অথচ সচল যন্ত্রগুলোও দালালচক্রের কারণে সাধারণ রোগীরা ব্যবহার করতে পারছেন না। তিনি অভিযোগ করেন, হাসপাতাল প্রশাসন এখনো ফ্যাসিস্ট দোসরদের প্রভাবমুক্ত হয়নি।
তিনি ব্যক্তিগত অভিজ্ঞতার কথা উল্লেখ করে বলেন, তার পিতা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই তিনি জানেন ক্যান্সার রোগীরা কতটা কষ্টে দিন কাটান। ক্যান্সার রোগীদের সেবার মান উন্নয়নে সার্বিক ব্যবস্থাপনা সংস্কারের পাশাপাশি তিনি হাসপাতালের সকল পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র দ্রুত সচল করার আহ্বান জানান।
ডা. খালিদুজ্জামান আরও অভিযোগ করেন, গত এক সপ্তাহ ধরে হাসপাতালটিতে সিরিঞ্জ সরবরাহ বন্ধ রয়েছে, যা রোগীদের জন্য ভয়াবহ ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তিনি অবিলম্বে এই সংকট নিরসন ও হাসপাতালের দুর্নীতি-অনিয়ম বন্ধে কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
প্রতিবেদকের নাম 























