
◼️এহিয়া আহমদ–মৌলভীবাজার
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইসলামিয়া মালিকিয়া মাদরাসার উদ্যোগে অনুষ্ঠিত হলো দিনব্যাপী শিক্ষা সফর। ২১ জুলাই ২০২৫, সোমবার—এই দিনে শিক্ষার্থীদের নিয়ে একটি ব্যতিক্রমধর্মী সফরের আয়োজন করা হয়। সফরের গন্তব্য ছিল প্রকৃতির এক অপরূপ লীলাভূমি সিলেটের জাফলং।
সকাল ৮টায় মাদরাসা প্রাঙ্গণ থেকে যাত্রা শুরু করে প্রায় চার ঘণ্টার যাত্রা শেষে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায় সফরকারীরা। প্রথমেই শিক্ষার্থীরা ঘুরে দেখেন খাসিয়া আদিবাসীদের পল্লী। পরে পর্যায়ক্রমে ভ্রমণ করা হয় তামাবিল সীমান্ত এলাকা, মেঘালয়ের পাহাড়ঘেরা ঝরনাধারা এবং জাফলং নদীর তীরে পাথর উত্তোলনের দৃশ্যপট।
সফরকে ঘিরে শিক্ষার্থীদের মাঝে ছিল চরম উদ্দীপনা ও উদ্দীপনাময় পরিবেশ। প্রকৃতির সৌন্দর্য প্রত্যক্ষ করে তারা মুগ্ধ হয় এবং শিক্ষামূলক নানা অভিজ্ঞতায় সমৃদ্ধ হয়।
মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাফিজ (হাফিঃ) বলেন, “এই সফরের মাধ্যমে শিক্ষার্থীরা আল্লাহর অপার সৃষ্টির নিদর্শন প্রত্যক্ষ করেছে। পাশাপাশি ভূগোল, সমাজবিজ্ঞান ও পরিবেশবিষয়ক বাস্তব জ্ঞান লাভের সুযোগ পেয়েছে। এ ধরনের সফর শিক্ষার্থীদের মধ্যে দলবদ্ধভাবে চলাফেরা, শৃঙ্খলা ও সময়ানুবর্তিতার বাস্তব প্রশিক্ষণ দেয়।
সফরে অংশ নেন মাদরাসার ছাত্র, শিক্ষক, ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং অভিভাবক প্রতিনিধিরা। উপস্থিত ছিলেন মাদরাসা ম্যানেজিং কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জনাব টিপু সুলতান চৌধুরী, সদস্য জনাব তোয়াবুর রহমান তবারক, জনাব কামরান আহমদ চৌধুরী ও হাফিজ আব্দুল মুহিত। সফরে আরও যুক্ত ছিলেন মাদরাসা সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন তোয়াহিদ মিয়াসহ অন্যান্য শুভানুধ্যায়ীরা।
এই আয়োজনে সকলে আনন্দে উদ্বেলিত হন। শিক্ষা সফরের পুরো সময়জুড়েই শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ, উদ্দীপনা ও নতুন কিছু জানার আগ্রহ। এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এই প্রত্যাশা সকলের।
প্রতিবেদকের নাম 

























