
◼️নিজস্ব প্রতিবেদক
মাগুরা সদর উপজেলার মাঝগ্রাম মধ্যপাড়া থেকে ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ এক জামায়াত কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) অস্ত্র আইনে মামলা দায়েরের পর গ্রেপ্তার বায়েজিদ বোস্তামি (২৪) কে আদালতে পাঠিয়েছে পুলিশ।
এর আগে ভোররাতে সদর উপজেলার মঘী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝপাড়া মধ্যপাড়া গ্রাম থেকে বায়েজিদকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই গ্রামের নওশের বিশ্বাসের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বায়েজিদের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তাঁর বাড়ির খড়ের গাদার ভেতর থেকে একটি মরিচা পড়া সিলভার রঙের বিদেশি পিস্তল এবং একটি ম্যাগাজিন জব্দ করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির এমবি বাকের দাবি করেন, “পরিকল্পিতভাবে আমাদের একজন কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সে একসময় বিএনপির কর্মী ছিল, তবে কিছুদিন আগে জামায়াতে যোগ দিয়েছে। রাজনৈতিক শত্রুতার কারণেই তাকে আটক করানো হয়েছে।”
বিষয়টি নিশ্চিত করে মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা বলেন, “রাতে যৌথ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫ আগস্টের আগে বায়েজিদ আওয়ামী লীগ কর্মী ছিলেন। সরকার পরিবর্তনের পর কিছুদিন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং পরে জামায়াতে যোগ দেন। বর্তমানে তিনি জামায়াতের সক্রিয় কর্মী।”
তিনি আরও জানান, বায়েজিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর আদালতে পাঠানো হয়েছে।
প্রতিবেদকের নাম 















