
দিনাজপুরের বোচাগঞ্জে প্রেমিকার মৃত্যুর শোক সইতে না পেরে প্রেমিকও আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। ঘটনার কয়েক ঘণ্টার ব্যবধানে দুই তরুণ-তরুণীর এমন অকাল মৃত্যুতে জনমনে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রাহুল ও প্রিয়ার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু উভয়ের পরিবার এই সম্পর্ক মেনে নিতে রাজি ছিল না। বিষয়টি জানাজানি হওয়ার পর থেকে পরিবার ও সামাজিক চাপে তারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। গত দু-তিন দিন আগে পারিবারিক বিরোধের জেরে প্রিয়া আত্মহত্যা করেন। প্রিয়ার মৃত্যুর শোক রাহুল কিছুতেই মেনে নিতে পারেননি। প্রেমিকার চিরবিদায়ের কয়েক ঘণ্টার মাথায় তিনিও আত্মহত্যার পথ বেছে নেন।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দুজনেই অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। পরিবারের কঠোর অবস্থানে তারা অসহায় বোধ করছিলেন। সেই মানসিক চাপ থেকেই এমন করুণ পরিণতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য জানান, বিষয়টি অত্যন্ত মর্মান্তিক। পরিবারের পক্ষ থেকে বাধা আসায় তারা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, যা এমন ভয়াবহ ঘটনার দিকে নিয়ে গেছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন ও সচেতন মহল তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য এবং পারিবারিক সংলাপে গুরুত্ব দেওয়ার ওপর জোর দিচ্ছেন। অকাল এই দুই প্রাণের ঝরে যাওয়ার ঘটনায় শোকাহত পরিবারগুলো এখন বাকরুদ্ধ।
মোঃ জসিম উদ্দিন (দিনাজপুর) 




















