
সুনামগঞ্জের দিরাইয়ে মোবাইল ফোন কেনাবেচার বকেয়া ৫০০ টাকা নিয়ে বিরোধের জেরে জয় মহাপাত্র (২০) নামের এক যুবককে বিষপান করিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামি আমিরুল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে র্যাব-৯। ঘটনার প্রায় ছয় মাস পর গত ৩ জুলাই সন্ধ্যায় সিলেট মহানগরের শিবগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আমিরুল ইসলাম দিরাই উপজেলার বুরহানপুর গ্রামের বাসিন্দা।
মামলার নথি ও র্যাবের ভাষ্যমতে, ঘটনার প্রায় দেড় মাস আগে আমিরুলের কাছ থেকে সাড়ে পাঁচ হাজার টাকায় একটি পুরাতন মোবাইল কেনেন জয়। এর মধ্যে পাঁচ হাজার টাকা পরিশোধ করলেও বকেয়া ছিল ৫০০ টাকা। গত ৮ জানুয়ারি সকালে ভাঙ্গাডহর এলাকায় জয়ের সঙ্গে আমিরুলের দেখা হলে তিনি বকেয়া টাকা দাবি করেন। টাকা দিতে দেরি হওয়ায় আমিরুল জয়কে বিকেলে তার দোকানে ডেকে পাঠান।
অভিযোগে বলা হয়েছে, বিকেলে জয় দোকানে গেলে আমিরুল দরজা আটকে তাকে মারধর করেন এবং গ্লাসের পানিতে বিষ মিশিয়ে জোরপূর্বক পান করান। পরে জয়কে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। বাড়িতে ফিরে জয় গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে পরদিন ৯ জানুয়ারি সকালে তার মৃত্যু হয়।
এই ঘটনায় জয়ের মা বাদী হয়ে দিরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই আমিরুল পলাতক ছিলেন। র্যাব-৯ এর একটি চৌকস দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে গত ৩ জুলাই সন্ধ্যায় সিলেট থেকে তাকে গ্রেফতার করে।
র্যাব-৯ এর সহকারী পরিচালক (মিডিয়া) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সুনামগঞ্জের দিরাই থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা চলমান রয়েছে।
সুনামগঞ্জ প্রতিনিধি 




















