
◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার
বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলা ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা নাশকতা মামলায় যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আমিরুল ইসলাম ভোলা (৪৪)। তিনি আদমদীঘি উপজেলার উথরাইল গ্রামের বাসিন্দা এবং সান্তাহার ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ ও মামলার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘি বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ ঘটানো হয়। এরপর কার্যালয়ের ভেতরে ঢুকে দরজা, জানালা, চেয়ার-টেবিল, আলমারি, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। একইসাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
এই ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামী লীগের ১২৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও প্রায় ২৫০ জনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়।
ওই মামলার অন্যতম আসামি হিসেবে আমিরুল ইসলাম ভোলাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান। তিনি জানান, গ্রেফতারকৃতকে রবিবার (২০ জুলাই) দুপুরে বগুড়ার আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা চলমান রয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রতিবেদকের নাম 

























