
তুর্জাউন বিশ্বাস–মেহেরপুর সদর◼️
মেহেরপুরের গাংনী পৌরসভার চৌগাছা গ্রামে এক মর্মান্তিক দুর্ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, রাজমিস্ত্রি গোলাম কিবরিয়া (৫০) ও তার স্ত্রী রিনা খাতুন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে গোলাম কিবরিয়া তার বাড়ির আঙিনায় রাখা বাইসাইকেল ধরতেই হঠাৎ বিদ্যুতায়িত হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, বাইসাইকেলটি বাড়ির বৈদ্যুতিক মিটারের আর্থিং তারের সংস্পর্শে ছিল, যা কোনোভাবে সাইড লাইনের সাথে যুক্ত হয়ে যায়। বিষয়টি বুঝতে পেরে স্ত্রী রিনা খাতুন স্বামীকে বাঁচাতে ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন।
তাদের ছোট মেয়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে দম্পতিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
হঠাৎ এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার, প্রতিবেশী ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চৌগাছা গ্রাম। স্থানীয়রা জানান, কিবরিয়া একজন পরিশ্রমী ও নিরীহ ব্যক্তি ছিলেন, তার সঙ্গে স্ত্রী রিনাও ছিলেন সংসারে সহায়তাকারী। বিদ্যুৎ নিরাপত্তা ব্যবস্থার ঘাটতিই এমন মৃত্যুর জন্য দায়ী বলে অনেকে মনে করছেন।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়টি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে এবং পরিবারটির পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদকের নাম 


























