
◼️মোহাম্মদ সান–মেহেরপুর জেলা
মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের ভৈরব নদীতে হঠাৎ করে ভেসে উঠছে তেলজাতীয় এক ধরনের পদার্থ। মঙ্গলবার (২৯ জুলাই)সকালে কফি হাউজ সংলগ্ন নদীর অংশে প্রথম এই দৃশ্য দেখা যায়। এরপরই বিষয়টি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় করতে শুরু করে।
স্থানীয়রা জানান, নদীর হাঁটু সমান পানির নিচ থেকে বেশ কিছুদিন ধরেই তেলজাতীয় কিছু উঠে আসছে। আজ সকালে তা আরও স্পষ্টভাবে দেখা গেছে। পদার্থটির গন্ধ অনেকটা ডিজেলের মতো বলেও মন্তব্য করেন তারা।
বালক মিন্টু মিয়া বলেন, বাঁশের লাঠি দিয়ে চেপে দেখেছি, পানির নিচ থেকে তেল জাতীয় কিছু বেরিয়ে আসছে। হাতে নিয়ে দেখেছি, এটা ডিজেলের মতো।
স্থানীয় বাসিন্দা হরেজ শেখ বলেন, যদি এটা প্রকৃত তেল হয়, তাহলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা উচিত। প্রাকৃতিক তেলের উৎস হলে তা দেশের জন্য অর্থনৈতিক দিক থেকে সুফল বয়ে আনতে পারে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যান মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম এবং পানি উন্নয়ন বোর্ডের একটি প্রতিনিধিদল।
পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল খালেক বলেন, আমরা সরেজমিনে গিয়ে দেখেছি, নদীর পানির ওপর কিছুটা তেলজাতীয় পদার্থ ভাসছে। স্থানীয়দের কেউ বলছে, এটি প্রাকৃতিক তেলের উৎস হতে পারে। আবার কেউ বলছে, নদী খননের সময় একটি স্কেভেটর নষ্ট হয়েছিল, সেখান থেকে তেল লিক হতে পারে।
মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, আমরা ইতোমধ্যে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানিয়েছি। পরীক্ষা-নিরীক্ষা শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয়দের কৌতূহলের পাশাপাশি প্রশাসনের দৃষ্টিও এখন নদীতে ভেসে থাকা এই রহস্যময় তেলজাতীয় পদার্থের উৎস খুঁজে বের করার দিকে।
প্রতিবেদকের নাম 

























