
গাজীপুরের জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শহীদ জিয়াউর রহমান গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে রোমাঞ্চকর জয় পেয়েছে টঙ্গী ফুটবল একাডেমি। এসআরএফসি ঠাকুরগাঁওকে ২-১ গোলে পরাজিত করে টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে তারা।
বুধবার টুর্নামেন্টের ১২তম ম্যাচে মাঠে নামে দুই দল। খেলার শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে ম্যাচটি বেশ জমে ওঠে। দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করে। তবে শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য ও চমৎকার দলীয় সমন্বয়ের ওপর ভর করে জয় নিশ্চিত করে স্বাগতিক টঙ্গী ফুটবল একাডেমি। অন্যদিকে, পরাজিত হলেও পুরো ম্যাচজুড়ে দারুণ লড়াকু ফুটবল উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছে এসআরএফসি ঠাকুরগাঁও।
গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আলহাজ্ব হান্নান মিয়া হান্নুর সভাপতিত্বে এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব মোঃ আঃ রউফ বাবুলের সঞ্চালনায় ম্যাচটি উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নূরুল করিম ভুইয়া এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাহরিয়ার নজির।
এছাড়াও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও টঙ্গী পূর্ব মেট্রো থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ গ্যালারিতে উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, ‘শহীদ জিয়াউর রহমান গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টটি ইতোমধ্যেই গাজীপুরের ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। প্রতিটি ম্যাচেই দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং দলগুলোর প্রতিযোগিতাপূর্ণ মনোভাব টুর্নামেন্টটিকে আরও প্রাণবন্ত করে তুলছে। কোয়ার্টার ফাইনালে টঙ্গী ফুটবল একাডেমির এই জয়ের পর টুর্নামেন্টের সেমিফাইনাল নিয়ে স্থানীয় ফুটবলপ্রেমীদের মাঝে আগ্রহ ও উত্তেজনা আরও বেড়ে গেছে।
গাজিপুর প্রতিনিধি 










