
সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল সম্পূর্ণরূপে চালু, প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর সাথে জরুরি বৈঠকের দাবিতে জেলা প্রশাসক ও সিভিল সার্জনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসক ও সিভিল সার্জনের কার্যালয়ে পৃথকভাবে এই স্মারকলিপি হস্তান্তর করা হয়।
শিক্ষার্থীরা জানান, হাসপাতালটি দ্রুত চালুর দাবিতে এর আগে ২০২৫ সালের ১৫ এপ্রিল শান্তিপূর্ণ আন্দোলন ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছিল। পরবর্তীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। সর্বশেষ টানা ১০ দিন ধরে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে গেলেও কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ বা পরিকল্পনা প্রকাশ করা হয়নি।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, মেডিকেল শিক্ষার মূল ভিত্তিই হলো হাসপাতালভিত্তিক ক্লিনিক্যাল শিক্ষা। বর্তমানে এই কলেজে ছয়টি ব্যাচের শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও হাসপাতাল চালু না থাকায় তারা রোগীদের সরাসরি সংস্পর্শে এসে শেখার সুযোগ পাচ্ছেন না। এতে করে দক্ষ চিকিৎসক হিসেবে গড়ে ওঠার প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর পাশাপাশি তীব্র শিক্ষক সংকটের কারণে নিয়মিত একাডেমিক ক্লাস, ক্লিনিক্যাল ক্লাস ও ব্যবহারিক প্রশিক্ষণও ঠিকমতো হচ্ছে না।
শিক্ষার্থীরা আরও বলেন, হাসপাতালটি চালু না থাকায় শুধু যে শিক্ষার্থীরাই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তা নয়; সুনামগঞ্জের হাওরাঞ্চলের লাখ লাখ সাধারণ মানুষও উন্নত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন। হাসপাতালটি দ্রুত পুরোদমে চালু হলে একদিকে যেমন শিক্ষার্থীদের ক্লিনিক্যাল শিক্ষার সংকট কাটবে, অন্যদিকে জেলার অবহেলিত মানুষের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে যাবে।
সুনামগঞ্জ প্রতিনিধি 



















