◼️এইচ এম জাকির–নিজস্ব প্রতিবেদক
নরসিংদীর শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। নিয়মিত অফিস না করেও মাসের পর মাস বেতন ও ভাতা উত্তোলন করছেন অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর রোকেয়া রহমান ঝর্ণা।
হাজিরা খাতা ও অফিস সূত্রে জানা গেছে, রোকেয়া রহমান দীর্ঘদিন ধরে অফিসে অনুপস্থিত থাকেন। মাঝেমধ্যে অফিসে এসে হাজিরা খাতায় পুরো মাসের স্বাক্ষর করে যান। এতে করে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন সেবা নিতে আসা সাধারণ মানুষ ও ঠিকাদাররা।
জনবল সংকটের কারণে পিআইও অফিস থেকে বারবার তাকে নিয়মিত অফিসে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হলেও তিনি নানা অজুহাতে তা উপেক্ষা করেন।
বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টা ৩০ মিনিটে সরেজমিনে গিয়ে দেখা যায়, রোকেয়া রহমান ঝর্ণা কর্মস্থলে অনুপস্থিত।
অভিযোগের বিষয়ে তার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, “আমি অসুস্থ, তাই অফিসে যেতে পারি না। যতদিন অফিসে ছিলাম না, স্যারের অনুমতি নিয়েই ছিলাম। আগামীকাল অফিসে আসব।”
তবে ছুটির আবেদন বা কোনো ধরনের অনুমতিপত্র অফিসে জমা নেই বলে জানা গেছে।
এ বিষয়ে নবনিযুক্ত উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম বলেন, “আমি সদ্য যোগদান করেছি। বিষয়টি সম্পর্কে এখনো বিস্তারিত জানি না। খোঁজ নিয়ে বলতে পারব।”
শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিন বলেন, “অফিস না করে কেউ বেতন নিতে পারে না। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার