রাজধানীর ধানমন্ডি ও বনানী এলাকায় যাত্রী সেজে প্রতারণার মাধ্যমে ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এই চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের ধানমন্ডি মডেল থানা।
গ্রেফতারকৃতরা হলো—মো. হানিফ কাজী (৫১) ও মো. রশিদুল ইসলাম (২৫)। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে চোরাই পাঁচটি অটোরিকশা উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য পাঁচ লাখ টাকা।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) ভোর ৫টা ২০ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা যাত্রী হিসেবে রিকশায় উঠে চালককে কৌশলে সিগারেট বা অন্যান্য পণ্য কেনার জন্য দোকানে পাঠাত। চালক রিকশা থেকে নামামাত্রই তারা অটোরিকশা নিয়ে দ্রুত সটকে পড়ত। এভাবে দীর্ঘদিন ধরে তারা রাজধানীর বিভিন্ন এলাকা থেকে অটোরিকশা চুরি করে আসছিল।
ধানমন্ডি মডেল থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের বাকি সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার