
সুনামগঞ্জের দিরাইয়ে নারী ফুটবল খেলোয়াড় বনফুল বেগমকে হেনস্থা করার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত দুই প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
শনিবার (১ আগস্ট) দিরাই থানার একটি প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন—দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের শেরপুর (পেরুয়া) গ্রামের বাদশা মিয়া (১৯) এবং আবুল কালাম (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নারী ফুটবলার বনফুল বেগমকে হেনস্তার অভিযোগ এনে সম্প্রতি দিরাই থানায় একটি মামলা দায়ের করা হয়। যার নম্বর-০১, তারিখ: ১ আগস্ট ২০২৬। মামলাটিতে পেনাল কোডের ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৫, ৩০৭, ৩৫৪, ৪২৭ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ সুপার সুনামগঞ্জের দিকনির্দেশনায় দিরাই থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযানে নামে। শনিবার থানার এসআই (নিঃ) ইসমাইল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করে।
ওসি আরও বলেন, "আইনের চোখে কেউ ঊর্ধ্বে নয়। নারী ও ক্রীড়াবিদদের সুরক্ষা এবং তাদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা বা অপরাধের ঘটনায় দিরাই থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই মামলার সুষ্ঠু তদন্ত চলছে এবং ঘটনার সাথে জড়িত অন্য আসামিদের আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।"
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আলোচিত এই ঘটনার পর থেকে এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার