
সুনামগঞ্জ সদর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ২৪ বোতল বিদেশি মদসহ মো. নয়ন মিয়া (৪৫) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৯। আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সদর থানার পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকাল ৬টা ৪০ মিনিটের দিকে সদর পৌরসভার ট্রাফিক পয়েন্ট থেকে কাজির পয়েন্টগামী সড়কে অবস্থান নেয় র্যাবের একটি আভিযানিক দল। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে নয়ন মিয়াকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি বস্তা তল্লাশি করে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত নয়ন মিয়া জানায়, সে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে এসব মাদকদ্রব্য সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল। তার বাড়ি জেলার দোয়ারাবাজার উপজেলার মাঠগাঁও এলাকায়।
র্যাব-৯, সিপিসি-৩ এর কোম্পানি কমান্ডার জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে র্যাবের এমন জিরো টলারেন্স নীতি ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার