
আল আমিন–নরসিংদী◼️
নরসিংদীর মাধবদী বাজারের মুড়িপট্টি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ জুলাই) ভোর আনুমানিক ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাধবদী বড় মসজিদের মাইকে আগুন লাগার ঘোষণা দেওয়া হলে মুহূর্তেই আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীরা ঘটনাস্থলে ছুটে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মাধবদী, নরসিংদী ও পলাশ ইউনিটের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের প্রায় চার ঘণ্টার নিরলস প্রচেষ্টায় সকাল ৭টার দিকে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং সকাল ১০টার দিকে পুরোপুরি নিভে যায়।
স্থানীয়দের ভাষ্য মতে, আগুন এতটাই ভয়াবহ ছিল যে মুহূর্তের মধ্যেই তা বাজারের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছড়িয়ে পড়ে। এতে করে বহু দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব না হলেও ব্যবসায়ীরা বলছেন, কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ব্যবসায়ীরা ক্ষতির মুখে দিশেহারা হয়ে পড়েছেন এবং ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ শুরু করেছে বলে জানা গেছে।
প্রতিবেদকের নাম 
















