
আল-আমিন- নরসিংদী◾
নরসিংদীর শিবপুরে র্যাব-১১ এর একটি সফল অভিযানে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে জব্দ করা হয় ৯,৭৫০ পিস ইয়াবা, যার বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
রবিবার (৯ জুন) দিবাগত রাত ১২টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি বিশেষ দল শিবপুর উপজেলার কারারচর এলাকার এপেইস ফিলিং স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি প্রাইভেটকার তল্লাশি করে ড্রাইভিং সিটের পাশে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়।
আটক ব্যক্তি মো. মানিক মিয়া (৪৮), ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চউড়া এলাকার বাসিন্দা। তিনি মো. আব্দুল বারেকের ছেলে।
সোমবার সকালে র্যাব-১১ এর নরসিংদী ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে কোম্পানি কমান্ডার জুয়েল রানা বলেন, “আটক মানিক মিয়া দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।”
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক মিয়া স্বীকার করেছেন, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ডে জড়িত।
র্যাব জানায়, মাদকবিরোধী এই অভিযান অব্যাহত থাকবে এবং দেশের যুবসমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে।
প্রতিবেদকের নাম 













