
মোহাম্মদ সান–মেহেরপুর জেলা◼️
মেহেরপুরের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়ে ৫ জনকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনীর মেহেরপুর ক্যাম্পের একটি বিশেষ টিম। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে এই অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—নাজিম হোসেন (দিঘীরপাড়া), উজ্জ্বল হোসেন ও সানোয়ার হোসেন (চক্রপাড়া), ইমরান হোসেন (শ্যামপুর) এবং শাকিল হোসেন (গোপালপুর)। অভিযানের সময় তারা রোগী ও স্বজনদের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতারণামূলক কৌশলে অর্থ আদায় করছিলেন বলে সেনাবাহিনী জানায়।
সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই দালাল চক্রটি হাসপাতালে অবস্থান নিয়ে রোগীদের বিভ্রান্ত করে অবৈধ আর্থিক লেনদেন করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের হাতে-নাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আটকদের পরবর্তীতে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়। সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের সেবা নিশ্চিতকরণ এবং দালালচক্র নির্মূলে সেনাবাহিনী দৃঢ় প্রতিজ্ঞ।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দালালদের দৌরাত্ম্য রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে। সেনাবাহিনী একটি দালালমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।
প্রতিবেদকের নাম 













