আল আমিন-নরসিংদী থেকে◼️
নরসিংদী পৌর পার্কে দিনমজুর, পথশিশু ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করেছে স্থানীয় সামাজিক সংগঠন ‘দরিদ্র হোটেল’। মানবিকতা ও সহমর্মিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে সংগঠনটি শনিবার বিকেলে এই আয়োজন করে।
সংগঠনটির আহ্বায়ক মাহবুবুর রহমান মনির বলেন, “আমরা বড় কিছু করতে পারি না, তবে ছোট উদ্যোগের মাধ্যমেই সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। আমাদের একটাই উদ্দেশ্য—দিনমজুর কিংবা পথশিশুরা যেন অন্তত একবেলা পেটভরে খেতে পারে।
খাদ্য বিতরণ কার্যক্রমে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবকরাও অংশ নেন। তারা জানান, এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে।
পথশিশু ও দিনমজুরদের মাঝে বিতরণ করা হয় সাধারণ একটি হোটেলের খাবার, যা হয়তো অনেকের কাছে খুব সাধারণ কিছু। কিন্তু যাদের দিনের পর দিন না খেয়ে থাকতে হয়, তাদের জন্য একটি প্লেট খাবারই জীবনের স্বস্তি ও বেঁচে থাকার আনন্দ।
খাবার পেয়ে আশেপাশের অসহায় মানুষজন কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
নরসিংদী পৌর পার্ক এই দিনটিতে হয়ে ওঠে মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ, যেখানে ক্ষুধা মিটেছে খাবারে আর মন ভরেছে ভালোবাসায়।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার