
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় শিক্ষার্থীদের মাঝে জিংক সমৃদ্ধ খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে "জিংক গম ও জিংক ধান" শীর্ষক একটি স্কুল সেনসিটাইজেশন প্রোগ্রাম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) হারভেস্টপ্লাস বাংলাদেশ-এর বাস্তবায়নে এবং ইএসডিও'র আয়োজন ও পরিচালনায় "রিয়েক্টস-ইন" প্রকল্পের আওতায় পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এতে ইএসডিও রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোঃ আশরাফুল আলম মানবদেহে জিংকের অপরিহার্য ভূমিকা, এর পুষ্টিগুণ এবং ঘাটতি পূরণে জিংকসমৃদ্ধ ধানের জাত—ব্রি ধান-১০২, ব্রি ধান-১০০, ব্রি ধান-৮৪ ও ব্রি ধান-৭৪-এর পুষ্টিগত গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
তিনি তাঁর বক্তব্যে বলেন, শরীরে জিংকের ঘাটতি দূর করতে পুষ্টিসমৃদ্ধ চালের ভাত নিয়মিত খাদ্যতালিকায় রাখা অত্যন্ত জরুরি। তিনি শিক্ষার্থীদের প্রতিদিনের খাবারে জিংকসমৃদ্ধ খাদ্য রাখার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি এখান থেকে প্রাপ্ত পুষ্টির বার্তা নিজেদের পরিবার, প্রতিবেশী ও বন্ধুমহলে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উজ্জ্বল কোঠা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নুর ইনসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়টির অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, ইএসডিও রিয়েক্টস-ইন প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আবু তালহা শিশির এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, কোমলমতি শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজে পুষ্টি বিষয়ে সচেতনতা তৈরি করা এবং দৈনন্দিন খাদ্যতালিকায় জিংকসমৃদ্ধ ধান ও গমের ব্যবহার আরও সম্প্রসারণ করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার