◼️খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ কামরুজ্জামান লিটন (৪৮) নামের এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি হেয়াতপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
জানা গেছে, মঙ্গলবার (২৯ জুলাই) বিকেল আনুমানিক ৩টার দিকে দাউদপুর থেকে মোটরসাইকেলযোগে নবাবগঞ্জে যাওয়ার পথে নবাবগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের সামনে দুর্ঘটনাটি ঘটে। কাঠবোঝাই একটি পাওয়ার টিলারকে ওভারটেক করার সময়, পেছন থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কায় কামরুজ্জামান লিটন সড়কে ছিটকে পড়ে যান এবং ট্রাকের পেছনের চাকার নিচে পিষ্ট হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত কামরুজ্জামান লিটন নবাবগঞ্জ উপজেলার হেয়াতপুর গ্রামের বাসিন্দা এবং মোঃ গোলাম মর্তুজা (ফটিক)-এর ছেলে।
নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে শোকের পরিবেশ বিরাজ করছে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার