
যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নরসিংদীতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের অংশগ্রহণে নানা কর্মসূচি পালিত হয়।
মঙ্গলবার (৫ আগস্ট) সকালে নরসিংদীর জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। একে একে জেলা প্রশাসন, জেলা পুলিশ, নরসিংদী জেলা বিএনপি, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ স্মৃতিস্তম্ভে ফুল দেন। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, শহিদদের রক্তে অর্জিত এই স্বাধীনতা রক্ষায় এবং তাদের স্বপ্নের একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা/প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক এবং নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ আর এম আল মামুন।
এছাড়াও নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার