◼️রৌমারি(কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের রৌমারী উপজেলার পানবাজার এলাকায় প্রকাশ্যে পল্লি চিকিৎসক ও চাক্তাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আমিনুল ইসলামকে মারধরের অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবু জাফর সিদ্দিক বুলবুলের বিরুদ্ধে। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত আমিনুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ভুক্তভোগীর ছেলে আব্দুল্লাহ আল মামুন সজিব জানান, তার বাবাকে মারধর করে আহত করার ঘটনায় তিনি রৌমারী থানা ও বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কর্মরত অবস্থায় প্রধান শিক্ষক আবু জাফরের বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কেটে বিক্রি, স্লীপ ও ক্ষুদ্র মেরামত প্রকল্পের অর্থ আত্মসাত এবং ভোটকেন্দ্র সংস্কারের ৫০ হাজার টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। তদন্তে অনিয়মের প্রমাণ মেলায় প্রশাসন তাকে সাময়িক বরখাস্ত করে এবং পরবর্তীতে অন্যত্র বদলি করা হয়।
অভিযোগ রয়েছে, ওইদিন বিকেলে আমিনুল ইসলাম গরু বিক্রির টাকা দিয়ে ওষুধ কেনার জন্য বাজারে গেলে পথিমধ্যে প্রধান শিক্ষক আবু জাফর তার গতিরোধ করেন। এ সময় গালিগালাজ করতে করতে দুই লাখ টাকা দাবি করেন তিনি। টাকা দিতে অস্বীকৃতি জানালে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা আমিনুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে রৌমারী থানার ওসি জানান, অভিযোগ হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার