দেওয়ান ফাহিম হোসেন- গাইবান্ধা◾
গাইবান্ধায় হ্যাকার চক্রের আস্তানায় যৌথবাহিনীর হানা! উদ্ধার টাকার বস্তা, প্রযুক্তি ডিভাইস
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামে পৃথক দুটি হ্যাকার চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। শুক্রবার (১৬ মে) গভীর রাত পর্যন্ত চলা এ অভিযানে বিপুল পরিমাণ সিমকার্ড, মোবাইল ফোন, কম্পিউটার, নগদ টাকা এবং তথ্য প্রযুক্তি সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৭ মে) সকালে গোবিন্দগঞ্জ থানা থেকে সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করা হয়। জানা যায়, যৌথবাহিনীর একটি দল গভীর রাত পর্যন্ত অভিযান চালিয়ে চিহ্নিত দুই হ্যাকার—জুয়েল মিয়া ও রনি মিয়া—এর বাড়িতে তল্লাশি চালায়।
জুয়েল মিয়ার বাড়ি থেকে একটি ডেস্কটপ কম্পিউটার, মনিটর, ল্যাপটপ, একাধিক অ্যান্ড্রয়েড ও বাটন ফোন, বিভিন্ন অপারেটরের সিমকার্ড এবং নগদ টাকা জব্দ করা হয়।
অন্যদিকে, রনি মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয় একটি হার্ডডিস্ক, পেনড্রাইভ, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, রাউটার, সিসিটিভি ক্যামেরা, একটি ব্যক্তিগত ডায়েরি এবং বিপুল সংখ্যক সিমকার্ড।
তবে অভিযানের সময় দুইজনই বাড়িতে উপস্থিত না থাকায় তাদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানিয়েছে অভিযানে অংশ নেওয়া দলটি। এদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল হোসেন বলেন, "যৌথবাহিনীর অভিযানের পর বিষয়টি নিয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সাইবার অপরাধ প্রতিরোধে আমরা কঠোর অবস্থানে আছি"।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার