◼️ইসমাইল সরকার–স্টাফ রিপোর্টার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়েরকৃত একটি হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত চার আসামিকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন সাবেক কমিশনার রাজীব ও দুর্ধর্ষ সন্ত্রাসী যোসেফের ঘনিষ্ঠ সহযোগী যুবলীগ নেতা মো. শাহীন কাজী ওরফে পিচ্চি শাহীন (৪০)।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) খান আসিফ তপু জানান, গোপন সংবাদের ভিত্তিতে ২৪ জুলাই রাতে মোহাম্মদপুর থানার সাত মসজিদ এলাকায় অভিযান চালিয়ে পিচ্চি শাহীনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে।
পরবর্তীতে একাধিক অভিযান চালিয়ে আদাবর থানার মো. গুড্ডু (৩৮), তেজগাঁও থানার মো. শফিকুল ইসলাম (৪৮) ও মোহাম্মদপুর থানার মো. সেলিম (৩২)-কে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে গুড্ডুকে কৃষি মার্কেট এলাকা, শফিকুলকে তেজগাঁও শিল্পাঞ্চল এবং সেলিমকে বসিলা এলাকা থেকে আটক করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা যায়,
গুড্ডুর বিরুদ্ধে আদাবর থানায় একটি হত্যা চেষ্টা মামলা,
শফিকুলের বিরুদ্ধে তেজগাঁও থানায় একটি হত্যা চেষ্টা মামলা এবং
সেলিমের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা রয়েছে।
র্যাবের দাবি, সাম্প্রতিক সময়ে সরকারবিরোধী ষড়যন্ত্র এবং অস্থিরতা সৃষ্টির পেছনে এই চক্রটি সক্রিয় ছিল। জিজ্ঞাসাবাদে তারা বেআইনি নানা কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
আসামিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলার অন্যান্য পলাতকদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি প্রক্রিয়াও চলছে বলে জানিয়েছে র্যাব।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার