
জামালপুরের দেওয়ানগঞ্জে নবম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের পর সুনামগঞ্জ থেকে প্রধান আসামি মো. আইয়ুব আলীকে (২২) গ্রেফতার করেছে র্যাব। এ সময় অপহৃত ওই ছাত্রীকেও উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার (০৪ আগস্ট) দিবাগত রাতে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের মোল্লাপাড়া এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আইয়ুব আলী জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার ঝালুরচর এলাকার মো. মকছেন আলীর ছেলে।
মামলার বিবরণ ও র্যাব সূত্রে জানা যায়, দেওয়ানগঞ্জ থানাধীন বাহাদুরাবাদ এ. রব সিনিয়র আলিম মাদ্রাসার নবম শ্রেণির ওই ছাত্রী লেখাপড়ার পাশাপাশি স্থানীয় মসজিদে কোরআন শিক্ষা গ্রহণ করত। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে অভিযুক্ত আইয়ুব আলী প্রায়ই তাকে উত্ত্যক্ত করত এবং কুপ্রস্তাব দিত। বিষয়টি ছাত্রীর বাবা আইয়ুব আলীর পরিবারকে জানালে সে ক্ষিপ্ত হয়ে ওঠে।
এরই জেরে গত ২৩ জুলাই সকালে মক্তব থেকে কোরআন শিক্ষা শেষে বাড়ি ফেরার পথে ভাটিরপাড়া পুরাতন বাজার জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তা থেকে জোরপূর্বক একটি অটোরিকক্ষায় তুলে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় আইয়ুব আলী ও তার সহযোগীরা। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর ছায়া তদন্ত শুরু করে র্যাব।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৯ (সুনামগঞ্জ ক্যাম্প) এবং র্যাব-১৪ (জামালপুর ক্যাম্প)-এর একটি যৌথ দল সুনামগঞ্জের ছাতকে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আইয়ুব আলীকে গ্রেফতার এবং ভিকটিমকে উদ্ধার করে।
আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত ছাত্রীকে সংশ্লিষ্ট দেওয়ানগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাহিনীটি।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার