
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রুস্তুম আলী হত্যা মামলার এজাহারনামীয় প্রধান ও পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। গত শনিবার রাতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল এলাকা থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম সায়েক (২৬)। তিনি সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার আস্তমা গ্রামের নবিজ আলীর ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রুস্তুম আলীর ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে অবস্থার অবনতি হলে সিলেট এমএজি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপনে চলে যান।
ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গত ০২ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে রাতে র্যাব-৯, সিপিসি-৩ (সুনামগঞ্জ) এবং সিপিসি-২ (শ্রীমঙ্গল) এর একটি যৌথ দল মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন উত্তর বাড়াউড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার ৪ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি সায়ককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। চাঞ্চল্যকর এই হত্যা মামলার বাকি আসামিদের আইনের আওতায় আনতে র্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত ৮ পাতার দৈনিক পত্রিকা
ই-পেপার