
মোঃ শাহাদাত আলী- শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ)◾
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পাগলা নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের গলায় বাঁধা ছিল একটি প্লাস্টিকের বস্তা। ধারণা করা হচ্ছে, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
আজ শনিবার (১৭ মে) আনুমানিক সকাল ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার তক্তিপুর শ্মশানঘাট ও দুর্লভপুর ইউনিয়নের গুচ্ছগ্রাম সংলগ্ন পাগলা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৪৫ বছর। প্রাথমিক তদন্তে জানা গেছে, লাশটি নদীতে তিন থেকে চার দিন ধরে ভেসে ছিল, এবং শরীরের বিভিন্ন অংশে পচন ধরেছে।
তিনি আরও জানান, মরদেহের গলায় একটি প্লাস্টিকের বস্তা বাঁধা ছিল, যা ঘটনাটিকে সন্দেহজনক করে তুলেছে। লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতাল মর্গে।
এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে।
প্রতিবেদকের নাম 













