
মোঃ মাসুদ রানা–স্টাফ রিপোর্টার◼️
বগুড়ায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুইজন, যাঁরা সম্পর্কে দুলাভাই ও শ্যালক।
মঙ্গলবার(৮ জুলাই) বিকেলে সদর উপজেলার গোকুল বাজার এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বগুড়া শহরের গোয়ালগাড়ি এলাকার অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা নজরুল ইসলাম (৭০) এবং জয়পুরপাড়া এলাকার বাবুল ইসলাম (৫৭)। তারা যৌথভাবে একটি ইঞ্জিনিয়ারিং ফার্ম এবং বেকারির ব্যবসা পরিচালনা করতেন।
বিষয়টি নিশ্চিত করে বগুড়ার কুন্দারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি মনোয়ারুজ্জামান জানান, বিকেলে প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ-২০-৫৪৮৩) যোগে তারা বগুড়ার দিকে ফিরছিলেন। গোকুল বাজার এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি ডিভাইডারে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে টিএমএসএস হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ওসি মনোয়ারুজ্জামান আরও জানান, মরদেহ দুটি আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই দুর্ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
প্রতিবেদকের নাম 
















