
সুনামগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া ব্যবসায়ী সমিতির নতুন কমিটির জাঁকজমকপূর্ণ অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় শহরের শহীদ জগতজ্যোতি পাবলিক লাইব্রেরি সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সমিতির সভাপতি জহুর মিয়ার সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সবুজ চন্দ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ (পিপিএম), সুনামগঞ্জ জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি আলী খসরুন এবং সাধারণ সম্পাদক জাহিদ হাসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সদস্য মাঈনউদ্দিন খন্দকার রাসেল। এছাড়া বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাজী জাকির হোসেন শাহীন, উকিলপাড়া জামে মসজিদের ইমাম মুফতি সালমান আহমদ এবং পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ।
বক্তারা বলেন, ব্যবসায়ীদের স্বার্থরক্ষা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং গ্রাহকদের উন্নত সেবা প্রদানের মাধ্যমেই এলাকার অর্থনৈতিক গতিশীলতা ধরে রাখতে হবে। বিশেষ করে পৌর এলাকার দোকানপাটে চুরি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন এবং নৈশপ্রহরী জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষা ও ব্যবসায়ীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার জোরালো আশ্বাস দেওয়া হয়। অনুষ্ঠান শেষে নতুন কমিটির নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 
















