শংকর কান্তি দাশ,জেলা প্রতিনিধি,চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় ট্রাক-মোটরসাইকেল ও আমিরাবাদ রাজঘাটা লালব্রিজ এলাকায় ট্রাক-সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নানা-নাতনি ও সিএনজি যাত্রীসহ ৩ জন নিহত ও ৬ জন গুরুতর আহত হয়েছে। ৪ নভেম্বর বিকেল সাড়ে ৪ টা ও সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ পৃথক সড়ক দুর্ঘটনা ঘটে। এতে নিহতরা হলেন যথাক্রমে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পুরাতন বিওসিস্থ লালিরবর বাড়ির মৃত মোঃ হোসেনের পুত্র ইকবাল হোসেন বাবুল (৫৫),তার কন্যার ঘরের নাতনি সাতকানিয়া উপজেলার ছদাহা এলাকার প্রবাসী মোঃ তারেকের কন্যা আজুয়া আক্তার (৩) ও সিএনজি যাত্রী চরম্বা দেওয়ান আলী সিকদার পাড়ার বশির আহমদের পুত্র আবদুল মন্নান (৩৫)। আহতরা হলেন যথাক্রমে নিহত বাবুলের কন্যা ও প্রবাসী তারেকের স্ত্রী ছামিরা (২৩), আমিরাবাদ মাষ্টারহাট এলাকার মোঃ ইউনুচের পুত্র মামুনুর রশিদ (৩৪), একই এলাকার শাহাব মিয়ার পুত্র মোঃ রুবেল (৩০) ,পদুয়া মাষ্টার পাড়ার আবদুল হাকিমের পুত্র শাহ আলম (৬৩), তার স্ত্রী ফরিদা ইয়াসমিন (৫০) ও পদুয়া ধলিবিলা এলাকার দানু মিয়ার পুত্র মোঃ কামাল (৪০)। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে । স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, মোটরসাইকেল চালক বাবুল তার মেয়ে ও নাতনিকে নিয়ে ছদাহা এলাকায় মেয়ের নির্মানাধীন বাড়ির কাজ দেখে আমিরাবাদ পুরাতন বিওসি এলাকার নিজ বাড়িতে আসছিলেন। ঘটনাস্থলে কক্সবাজার অভিমুখী ইটভর্তি একটি ট্রাক অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে মোটর সাইকেলকে চাপা দেয়। এসময় মোটরসাইকেল চালক পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করার পরও চলন্ত ট্রাকের পেছনের চাকায় চাপা পড়ে। এতে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে নানা-নাতনি দুজনেই ঘটনাস্থলে প্রাণ হারান এবং অপরজন গুরুতর আহত হয়। আহত মহিলাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদিকে আমিরাবাদ স্টেশন থেকে পদুয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি সিএনজি অটোরিকশা রাজঘাটা এলাকায় পৌছলে কক্সবাজার অভিমূখী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে চালকসহ সকলে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক আবদুল মন্নানকে মৃত ঘোষণা করেন এবং অপর আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঘটনার খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিস, লোহাগাড়া থানা পুলিশ, দোহাজারী হাইওয়ে থানা পুলিশের পৃথক টীম ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং দূর্ঘটনা কবলিত গাড়িগুলো দোহাজারী হাইওয়ে থানা হেফাজতে নিয়ে যায়। পরে নিহতদের পরিবারের সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খান মোঃ এরফান বলেন,লোহাগাড়ার পদুয়া নয়াপাড়া ও আমিরাবাদ রাজঘাটা এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। ঘটনাস্থল লাশ উদ্ধার করা হয় এবং দূর্ঘটনা কবলিত গাড়িগুলো থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে লাশগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ক্যাপশনঃ লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত নানা-নাতনি বাবুল ও আজুয়া।
প্রতিবেদকের নাম 
















