
◼️হারুন অর রশিদ–বগুড়া জেলা
বগুড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজা ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানটি শাজাহানপুর থানাধীন বনানী বাইপাস মোড় সংলগ্ন বিটিসিএল অফিসের সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি পাথরভর্তি ট্রাক আটক করা হয়। তল্লাশির সময় ট্রাকের ভেতরে বিশেষভাবে লুকানো একটি কাপড়ের বস্তায় ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মোঃ শমসের আলী (৩৫) ও মোঃ সিরাজুল ইসলাম (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করে আসছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি পুলিশ জানায়, অভিযান মাদক ব্যবসার বিরুদ্ধে কড়া বার্তা হিসেবে গ্রহণযোগ্য এবং আইনশৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 













