
চট্রগ্রাম সংবাদদাতা◾
চট্টগ্রামের চান্দগাঁওয়ে সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে চাঁদাবাজির অভিযোগে কথিত সাংবাদিক এম. হান্নান রহিম তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) রাতে নগরীর কোতোয়ালী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে চান্দগাঁও থানার একটি আভিযানিক দল। বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আফতাব উদ্দিন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ জুন রাত ১১টার দিকে চান্দগাঁওয়ের বহদ্দারহাট বাড়ইপাড়া এলাকার ‘পপুলার গেস্ট হাউজ’ নামক আবাসিক হোটেলে এম. হান্নান রহিম তালুকদার ও তার সহযোগীরা হঠাৎ প্রবেশ করে চাঁদা দাবি করেন।
তারা নিজেদের সাংবাদিক পরিচয়ে ক্যামেরা নিয়ে হোটেলের কক্ষ তল্লাশি করেন এবং ভিডিও ধারণ করেন। চাঁদা না দিলে হোটেল বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ হোটেল কর্তৃপক্ষের। পরবর্তীতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
ঘটনার পর হোটেলের এক কর্মী জাকির হোসেন চান্দগাঁও থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর–২০, ধারা–১৪৩/৪৪৮/৩৮৫/৫০৬ পেনাল কোড)।
ওসি আফতাব উদ্দিন বলেন, “সাংবাদিক পরিচয়ে কেউ হোটেলের কক্ষে তল্লাশি চালাতে পারেন না। যেকোনো অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার একমাত্র পুলিশের।”
তদন্তে জানা গেছে, রহিম নিজেকে ‘দৈনিক চট্টগ্রাম সংবাদ’ পত্রিকার সম্পাদক এবং ‘সিএসটিভি২৪’-এর চেয়ারম্যান বলে দাবি করেন। পাশাপাশি তিনি নিজেকে চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য বললেও ক্লাব কর্তৃপক্ষ তার কোনো সদস্যপদ থাকার বিষয়টি অস্বীকার করেছে।
তার সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইলে বিএনপি ও যুবদলের বিভিন্ন নেতার সঙ্গে ছবি, ভিডিও এবং দলীয় পদপ্রার্থিতার পোস্টারও দেখা গেছে।
গ্রেফতার হওয়া হান্নান রহিম তালুকদার (৪১) চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি চান্দগাঁওয়ের খরমপাড়া ডিপুটি আবাসিক রোডের ‘হান্নান ভিলা’য় বসবাস করছেন।
তার বিরুদ্ধে চট্টগ্রামের আনোয়ারা থানায় আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে একটি মামলা রয়েছে। এছাড়া চান্দগাঁও ও আনোয়ারা থানায় আরও দুটি মামলা চলমান রয়েছে।
পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে জড়িত অন্যদেরও শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
প্রতিবেদকের নাম 
















