
মোঃ শিমুল হক– চাঁপাইনবাবগঞ্জ◾
চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুন রাত ১০টা থেকে ২৩ জুন ভোর ৪টার মধ্যে কোনো এক সময় দুর্বৃত্তরা রাজু আহমেদ (২১) নামের এক যুবককে গলা কেটে হত্যা করে পারিলা গ্রামের আমবাগান সংলগ্ন হেয়ারিং বন্ড রাস্তায় ফেলে রেখে যায়। ভোরে পথচারীরা রক্তাক্ত মরদেহটি দেখে স্থানীয় গ্রাম পুলিশ ও ইউপি মেম্বারকে খবর দেন। পরে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহত রাজু আহমেদ নাচোল উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মোঃ আঃ মোত্তালেব ও মাতার নাম মোসাঃ সুলতানা বেগম। রাজু আগে রেলস্টেশনের একটি হোটেলে বয়ের কাজ করতেন। এরপর ঢাকায় রাজমিস্ত্রির পেশায় যুক্ত হন। কিছুদিন পর ফিরে এসে আবার হোটেলে কাজ শুরু করেন এবং পরে এক প্রতিবন্ধী নারীকে বিয়ে করেন। বর্তমানে তিনি হুলাসপুর আবাসন প্রকল্পের সরকারি বাড়িতে পরিবারসহ বসবাস করছিলেন এবং জীবিকা নির্বাহ করতেন একজন ভ্যানচালক হিসেবে।
পুলিশ জানিয়েছে, হত্যার পেছনের সুনির্দিষ্ট কোনো কারণ এখনও জানা যায়নি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নৃশংস এ হত্যাকাণ্ডে পারিলা গ্রামসহ আশপাশের এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এলাকার মানুষ দ্রুত হত্যার রহস্য উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ চলছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
প্রতিবেদকের নাম 













