
নীলফামারীর জলঢাকা উপজেলায় বিএনপির নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে অনুষ্ঠিত এক পথসভায় জামায়াতের এক কর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। এ সময় তাঁকে ফুলের মালা পরিয়ে ও ধানের শীষের চাদর গায়ে জড়িয়ে দলে বরণ করে নেন বিএনপির নেতাকর্মীরা।
বালাগ্রাম ইউনিয়নের চৌপুতি এলাকায় আয়োজিত এ পথসভা অনুষ্ঠিত হয়। নীলফামারী ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী সাহেবের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ইউনিয়ন বিএনপির উদ্যোগে সভাটির আয়োজন করা হয়।
পথসভায় সভাপতিত্ব করেন বালাগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাই। সভা পরিচালনা করেন অ্যাডভোকেট শাহিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নীলফামারী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জলঢাকা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মইনুল হক।
বক্তব্যে মইনুল হক বলেন, তারেক রহমানের আস্থাভাজন বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব সৈয়দ আলী একজন সৎ ও পরীক্ষিত নেতা। তিনি দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার মাধ্যমে এই আসনটি তারেক রহমানকে উপহার দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় আরও বক্তব্য দেন নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক এম ডি শরিফুল ইসলাম বাবু। তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে এলাকার যোগাযোগ ব্যবস্থা ও পানির সমস্যার স্থায়ী সমাধান করা হবে।
এ সময় জামায়াত কর্মী লুৎফর রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। দলে যোগদানের ঘোষণা দিলে উপস্থিত নেতাকর্মীরা তাঁকে ফুলের মালা ও ধানের শীষের চাদর পরিয়ে স্বাগত জানান।
পথসভায় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন। সভাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
একই দিনে বিএনপির নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে জলঢাকার গোলনা ইউনিয়নের নবাবগঞ্জ এলাকাতেও পৃথক একটি পথসভা অনুষ্ঠিত হয়। সেখানে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করা হয় এবং সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।
বিশেষ প্রতিনিধি 













