
◼️হারুন অর রশিদ–বগুড়া জেলা
বগুড়ার সোনাতলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে শত শত একর জমির আমন ধান পানির নিচে তলিয়ে গিয়ে কৃষকেরা চরম ক্ষতির মুখে পড়েছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তেকানীচুকাইনগর ও পাকুল্যা ইউনিয়নের নিম্নাঞ্চলের প্রায় ১৪ হেক্টর জমির আমন ধান পানিতে ডুবে গেছে। গত মাসের শেষের দিকে এসব এলাকায় কৃষকেরা আমন ধান রোপণ করেন। কিন্তু রোপণের মাত্র ২০-২৫ দিনের মাথায় টানা বর্ষণ ও ঢলের কারণে সৃষ্টি হওয়া জলাবদ্ধতায় ফসল ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ক্ষতি শুধু এই দুই ইউনিয়নে সীমাবদ্ধ নয়। মধুপুর, জোড়গাছা, সোনাতলা সদর, বালুয়া ও দিগদাইড় ইউনিয়নের বিভিন্ন নিম্নাঞ্চলেও ধান ডুবে গেছে। তিনি বলেন, পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কৃষকদের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
স্থানীয় কৃষকরা জানান, সময়মতো ধান রোপণ করলেও এবারের অপ্রত্যাশিত বন্যায় তারা দিশেহারা হয়ে পড়েছেন। গত কয়েক বছরের তুলনায় এবার ক্ষতির পরিমাণ অনেক বেশি হবে বলে আশঙ্কা করছেন তারা।
কৃষক ও সংশ্লিষ্টদের মতে, দ্রুত পানি নিষ্কাশন ব্যবস্থা না নিলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
প্রতিবেদকের নাম 










