
◼️ইসমাইল সরকার–স্টাফ রিপোর্টার
রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশ এলাকায় র্যাব-২ এর বিশেষ অভিযানে পাসপোর্ট দালাল চক্রের ১৩ সদস্যকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (২৩ জুলাই ) সকাল ১০টা থেকে বেলা ১২টা ১৫ মিনিট পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ।
র্যাব সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি দালাল চক্র পাসপোর্ট ফরম পূরণ, সত্যায়ন, ঘাটতি কাগজপত্র তৈরি এবং ভুয়া ডকুমেন্ট সরবরাহের নামে সাধারণ মানুষকে প্রতারণা করে আসছিল। তারা পাঁচ থেকে ছয় হাজার টাকার বিনিময়ে দ্রুত পাসপোর্ট সরবরাহের প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছিল।
অনেক সময় পাসপোর্ট প্রত্যাশীরা প্রতারণায় রাজি না হলে তাদের নানাভাবে হয়রানি করা হতো। সরকারি সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচার এবং মাইকিং করেও দালালদের দৌরাত্ম্য থামানো যায়নি।
গণউপদ্রব ও সাধারণ মানুষের হয়রানি বন্ধে র্যাব-২ গোয়েন্দা নজরদারি বাড়ায় এবং চক্রটির ওপর নজর রাখে। অভিযানের দিন হাতে-নাতে গ্রেপ্তার করা হয় চক্রটির ১৩ সদস্যকে। পরবর্তীতে তারা দোষ স্বীকার করলে ভ্রাম্যমান আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে।
র্যাব-২ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের দালাল বিরোধী অভিযান চলমান থাকবে। জনস্বার্থে পাসপোর্ট অফিস এলাকায় শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
প্রতিবেদকের নাম 
















