
দেওয়ান ফাহিম হোসেন- গাইবান্ধা সদর◾
গাইবান্ধা সদর উপজেলার অফিসার্স কোয়ার্টারের একটি ওয়াশরুম থেকে পলাশবাড়ী উপজেলার সমবায় অফিসার খান মোহাম্মদ মোস্তাক নাসির (৫০) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ মে) বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী ভুট্টু।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, খান মোহাম্মদ মোস্তাক নাসির অফিসার্স কোয়ার্টারে বসবাস করতেন। সকালে পাশের রুমের এক আইসিটি কর্মকর্তা তাকে ডাকতে গিয়ে সাড়া না পেয়ে অন্যদের বিষয়টি জানান। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে বাথরুমে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
ওসি জুলফিকার আলী ভুট্টু জানান, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং মরদেহটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতে স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে।”
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, খান মোহাম্মদ মোস্তাক নাসিরের বাড়ি ঢাকার পান্থপথ এলাকায়। তিনি ২০১৭ সালের ২৩ জুলাই পলাশবাড়ী উপজেলায় সমবায় অফিসার হিসেবে যোগদান করেন।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল আলম জানান, “তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।”
মরদেহ উদ্ধারের খবরটি ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্থানীয় প্রশাসন ঘটনার তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করছে।
প্রতিবেদকের নাম 













