
মোঃ সাইফুল ইসলাম–বিরল (দিনাজপুর)◼️
দিনাজপুরের বিরল উপজেলার আজিমপুর ইউনিয়নের সিঙ্গুল নলপুকুর গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় একটি পরিবার মুহূর্তেই সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে।
মঙ্গলবার সকাল আনুমানিক ১০টা ৩০ মিনিটে মোঃ মন্তাজ আলীর ছেলে আমিনুল ইসলাম (৪০) এর বসতবাড়িতে হঠাৎ আগুন লেগে যায়। আগুনে ঘরের ভেতরে থাকা ফ্রিজ, মেজিক চুলা, আসবাবপত্র, সেলাই মেশিন, কাপড়চোপড়, ১৫টি হাঁস, নগদ প্রায় অর্ধলক্ষাধিক টাকা, ইলেকট্রনিক সামগ্রী এবং খাবার চালসহ সব কিছুই পুড়ে ছাই হয়ে যায়।দ
ভুক্তভোগী পরিবার জানান, প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকার পর হঠাৎ বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে ভোল্টেজ ওঠানামার কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজীত সাহা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার বিতরণ করেন। তিনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, আজিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন আলী ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা হানিফুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আচমকা এই অগ্নিকাণ্ডে এক মধ্যবিত্ত পরিবার যেভাবে ধ্বংস হয়ে গেল, তা স্থানীয়দের মনে গভীর বেদনার ছাপ ফেলেছে। ভুক্তভোগী পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবান ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদকের নাম 
















