
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের সক্রিয় তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৯। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার রাতে র্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শান্তিগঞ্জ থানাধীন পশ্চিম পাগলা ইউনিয়নের পাগলা বাজার পিকআপ স্ট্যান্ড এলাকায় এই অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন—শান্তিগঞ্জ উপজেলার শত্রুমর্দন গ্রামের মৃত সাধু মিয়ার ছেলে বাদশা মিয়া (৩৮), রায়পুর গ্রামের মৃত ফজর আলীর ছেলে জলিল আহমেদ আব্দুল জলিল (২৯) এবং শত্রুমর্দন গ্রামের মৃত নূর মিয়ার ছেলে মো. বিল্লাল হোসেন (২৬)।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জ জোড়া ব্রিজ এলাকায় অবস্থানকালে জানা যায় যে, পাগলা বাজার পিকআপ স্ট্যান্ড এলাকায় কতিপয় ব্যক্তি অনলাইনে জুয়া খেলছেন। পরে রাত সোয়া নয়টার দিকে র্যাব সেখানে পৌঁছালে পালানোর চেষ্টার সময় ওই তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের তল্লাশি করে জুয়া খেলায় ব্যবহৃত ৩টি স্মার্টফোন ও ২টি বাটন ফোন জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছেন যে, তারা ‘নাইট তীর’, ‘তীর টুডে’, ‘ওয়ানএক্সবেট’ (1Xbet) এবং বিভিন্ন অ্যাপস ব্যবহার দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়া খেলে আসছিলেন।
র্যাব-৯ আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের অপরাধ দমনে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের শান্তিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এরশাদুল হক (সুনামগঞ্জ) 










