
খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় ১৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস করেনি। এ ধরণের শূন্য পাসের তালিকায় গত বছর ছিল ৫১টি প্রতিষ্ঠান, যা চলতি বছর বেড়ে দ্বিগুণ ছাড়িয়ে গেছে। শিক্ষাব্যবস্থার এই চিত্রে উদ্বেগ ছড়িয়েছে বিভিন্ন মহলে।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টায় এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। ফল বিশ্লেষণে দেখা যায়, সারাদেশে মোট গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৮৩ দশমিক ০৪ শতাংশ। এ বছর পাসের হার কমেছে প্রায় ১৫ শতাংশের বেশি।
ফলাফল বিশ্লেষণে আরও দেখা যায়, এবার ছাত্রীদের পাসের হার ৭১.০৩ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৬৫.৮৮ শতাংশ। অর্থাৎ ছাত্রীদের সাফল্য হার আবারও ছেলেদের ছাড়িয়ে গেল। এই নিয়ে টানা ১০ বছর ছাত্রীদের পাসের হার এগিয়ে রইল।
এবারের পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৩৯ হাজার ৩২ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১ লাখ ৮২ হাজার ১২৯ জন। ফলে এবছর প্রায় ৪৩ হাজার শিক্ষার্থী কম জিপিএ-৫ পেয়েছে।
প্রসঙ্গত, চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ১০ এপ্রিল এবং শেষ হয় ১৩ মে। মোট পরীক্ষার্থী ছিল ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ জন, যা গত বছরের তুলনায় প্রায় এক লাখ কম।
শিক্ষাবিদরা মনে করছেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মানসম্পন্ন পাঠদানের ঘাটতি, করোনোত্তর ধাক্কা এবং শিক্ষার্থীদের মানসিক অবক্ষয়ের মতো নানা কারণে এই চিত্র দেখা দিয়েছে। এখনই প্রয়োজন সমন্বিত উদ্যোগে শিক্ষা ব্যবস্থাকে কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেওয়ার।
প্রতিবেদকের নাম 
















