
খাইরুল ইসলাম–ডেস্ক রিপোর্ট◼️
গাছে কাঁঠাল গোঁফে তেল—এই বহুল প্রচলিত বাগধারাটি যেন আজও সত্যি হয়ে উঠেছে। কারণ আজ ৪ জুলাই, কাঁঠাল দিবস। গ্রীষ্মের প্রাচুর্যে ভরা এই দিনে বাংলাদেশের জাতীয় ফল কাঁঠালকে ঘিরে নানা তথ্য, ঐতিহ্য, ইতিহাস ও স্বাস্থ্য উপকারিতা তুলে ধরা হয়।
এই দিবসটি প্রথম উদযাপন শুরু হয় ২০১৬ সালে, একটি ওয়েবসাইট জ্যাকফ্রুটডে ডটকম-এর উদ্যোগে। তাদের মূল উদ্দেশ্য ছিল কাঁঠালের পুষ্টিগুণ ও গুরুত্ব বিশ্ববাসীর সামনে তুলে ধরা।
কাঁঠালের ইতিহাস:
“জ্যাকফ্রুট” শব্দটি এসেছে পর্তুগিজ ভাষা থেকে। ১৫৬৩ সালে পর্তুগিজ প্রকৃতিবিদ গার্সিয়া দ্য ওর্টা তার বইতে ‘জ্যাকফ্রুট’ শব্দটি ব্যবহার করেন। ধারণা করা হয়, দক্ষিণ এশিয়াই কাঁঠালের উৎপত্তিস্থল।
স্বাস্থ্যগুণে ভরপুর:
কাঁচা ও পাকা—দুই অবস্থাতেই কাঁঠাল স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে:
থায়ামিন, রিবোফ্লাভিন, ক্যালসিয়াম,আয়রন, সোডিয়াম, জিংক,আমিষ, শর্করা, ফাইবার ও প্রোটিন,অ্যান্টিঅক্সিডেন্টসমৃদ্ধ ভিটামিন A ও C।
এক কাপ কাঁঠালে মেলে প্রায় ১৫৭ ক্যালরি ও ৩৮ গ্রাম কার্বোহাইড্রেট, যা দেহে শক্তি জোগাতে সহায়তা করে।
কাঁঠাল কীভাবে উপকারী?
◼️রক্তস্বল্পতা দূর করে: এতে থাকা আয়রন লোহিত রক্তকণিকা বাড়ায়।
◼️হজমে সহায়ক: ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে।
◼️রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়: ভিটামিন C ও A শরীরকে করে আরও শক্তিশালী।
◼️কোলন ক্যানসার প্রতিরোধে সহায়ক: অ্যান্টিঅক্সিডেন্ট ক্যানসারের অগ্রগতি রোধে সহায়ক।
তবে সতর্কতা দরকার কোথায়?
◼️ডায়াবেটিস রোগীদের জন্য কাঁঠাল ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এতে গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি।
◼️অ্যালার্জি সমস্যা বা রক্তে সমস্যা থাকলে কাঁঠাল খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।
◼️সার্জারির আগে-পরে কাঁঠাল এড়িয়ে চলাই ভালো।
একটি ফল, বহুমুখী ব্যবহার:
কাঁঠালের কোষ, বিচি, খোসা—সবই খাওয়ার উপযোগী। বিচি সিদ্ধ করে খাওয়া যায়, আবার কাঁঠালগাছের কাঠ আসবাব তৈরিতে ব্যবহৃত হয়। এমনকি শুকনো কাঁঠালপাতাও কাজে লাগে প্যাকেট তৈরিতে।
জাতীয় গর্ব:
জাতীয় ফল হিসেবে কাঁঠাল শুধু পরিচিতি নয়, বহন করে দেশের ঐতিহ্য ও স্বাদ। কাঁঠালের মতো স্বাদ ও গন্ধের ফল খুব কমই আছে। তাই শুধু আজ নয়, সারা মৌসুমজুড়েই কাঁঠালের প্রতি সম্মান জানাতে পারেন ‘গোঁফে তেল না মেখেই’।
আজকের দিনে অন্তত এক কোয়া কাঁঠাল খেয়ে জাতীয় ফলের প্রতি ভালোবাসা প্রকাশ করুন।
পুষ্টিগুণে ভরপুর এই ফলের আবেদন যেন চিরন্তন হয়।
প্রতিবেদকের নাম 
















