
এহিয়া আহমদ রাফি–কমলগঞ্জ(মৌলভীবাজার)◼️
লঙ্ঘিত হলে ভোক্তা অধিকার, অভিযোগ করলেই পাবে প্রতিকার,এই প্রতিপাদ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ বিষয়ক অবহিতকরণ ও বাস্তবায়ন সেমিনার। সোমবার (৭ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক আরিফ মূর্শেদ মিশু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিন এবং দেবনান্দ সিংহ।
সেমিনারে সরকারি কর্মকর্তা, কর্মচারী, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ব্যবসায়ী প্রতিনিধি, সাংবাদিক এবং সচেতন নাগরিকরা অংশ নেন। বক্তারা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর বিভিন্ন দিক তুলে ধরে বলেন, এই আইনের সঠিক বাস্তবায়নের মাধ্যমে জনস্বার্থ রক্ষা সম্ভব।
সেমিনারে জানানো হয়, ভোক্তা অধিকার বিরোধী যেসব কার্যক্রম আইন অনুযায়ী অপরাধ হিসেবে গণ্য হয়, তার মধ্যে রয়েছে: দ্রব্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, ভেজাল পণ্য বা ঔষধ বিক্রি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি, খাদ্যে ক্ষতিকর উপাদান মেশানো, মেয়াদোত্তীর্ণ পণ্য বা ঔষধ বিক্রি, ওজনে কম দেওয়া, ভুয়া পণ্য উৎপাদন, অবৈধ প্রক্রিয়ায় প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি।
বক্তারা আরও জানান, সাধারণ ভোক্তারা এসব বিষয়ে সচেতন হলে এবং নির্দিষ্ট পদ্ধতিতে অভিযোগ করলে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব। তাই তারা সবাইকে সচেতন থাকার এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের ক্ষেত্রে নির্ভয়ে অভিযোগ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে সচেতনতামূলক লিফলেট ও প্রচারপত্র বিতরণ করা হয়।
প্রতিবেদকের নাম 















