
মো. রাজু আহম্মেদ–খুলনা◼️
খুলনার পাইকগাছা উপজেলার চৌকি ম্যাজিস্ট্রেট আদালত ভবনটি বর্তমানে ভেঙে পড়ার মতো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ছাদের বিভিন্ন স্থানে ফাটল, চুন খসে পড়া, পানির চুইয়ে পড়া এবং পুরোনো কাঠামোর নড়বড়ে দশা দেখে মনে হচ্ছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
এ বিষয়ে পাইকগাছা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার বলেন, “দীর্ঘদিন ধরেই আদালত ভবনটি জীর্ণ দশায় রয়েছে। এটি পরিত্যক্ত ঘোষণা না করলে ভবিষ্যতে জগন্নাথ হল ট্র্যাজেডির মতোই কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে।”
সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্কাজ আলী বলেন, “বৃষ্টির পানি ছাদ ফুঁড়ে পড়ে আদালতের গুরুত্বপূর্ণ নথিপত্র নষ্ট করছে। বহুবার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও নতুন ভবনের বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
চরম ঝুঁকির মধ্যে বিচারিক কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে আদালতের বিচারক, আইনজীবী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
এমন পরিস্থিতিতে গতকাল আদালত ভবনের অবস্থা সরেজমিনে দেখতে আসেন স্থাপত্য অধিদপ্তরের নির্বাহী স্থপতি সুমন বিশ্বাস। তিনি আদালত ভবনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন এবং নির্মাণ প্রয়োজনীয়তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী জজ মোঃ কামরুজ্জামান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুম বিল্লাহ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এখন সংশ্লিষ্টদের দাবি, ভবনটি দ্রুত পরিত্যক্ত ঘোষণা করে নতুন আধুনিক ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হোক, যাতে আদালতের বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষ নিরাপদে বিচারিক সেবা পেতে পারে।
প্রতিবেদকের নাম 















