
মোঃ রাজু আহম্মেদ–খুলনা থেকে◼️
খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই রোগীর স্বজনদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের সময় ভয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৫ বছর বয়সী এক বৃদ্ধার। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
মৃত বৃদ্ধার নাম খুকুমনি বেগম। তিনি উপজেলার আরাজি ভবানীপুর গ্রামের বাসিন্দা। পেটে ব্যথা ও ডায়াবেটিসজনিত সমস্যায় তিনি বৃহস্পতিবার সকালে হাসপাতালে ভর্তি হন। বেড সংকট থাকায় তাকে বারান্দায় রাখা হয়।
এদিকে, একই হাসপাতালের বারান্দায় চিকিৎসাধীন ছিলেন স্ট্রোকে আক্রান্ত আলমতলা গ্রামের মকছেদ মালি নামের এক ব্যক্তি। তার স্বজনদের ফ্যানের তার বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় বাকবিতণ্ডা। পরে তা মারামারিতে রূপ নেয়।
খুকুমনির ছেলে হাফিজুল ইসলাম জানান, তার অসুস্থ মা টয়লেট থেকে ফেরার সময় অসাবধানতাবশত মকছেদের টেবিল ফ্যানের তার খুলে যায়। এতে তারা ক্ষিপ্ত হয়ে গালাগাল শুরু করে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় তাকে ও তার বোনকে মারধর করা হয়। মারধর ও চিৎকার-চেঁচামেচি দেখে তার মা ঘটনাস্থলেই পড়ে যান। দ্রুত চিকিৎসক এলেও তিনি আগেই মারা যান।
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সঞ্জয় কুমার মন্ডল জানান, খুকুমনি বেগম সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মারামারির ঘটনার পরপরই তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
পাইকগাছা থানা পুলিশ ঘটনার পরপরই হাসপাতাল পরিদর্শন করে নিহতের পরিবারের সঙ্গে কথা বলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় হাসপাতাল চত্বরে রোগীদের স্বজনদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। স্থানীয়রা বলছেন, হাসপাতালগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে। যথাযথ নজরদারি ও শৃঙ্খলা নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে।
প্রতিবেদকের নাম 















