
◼️মাহাবুর রহমান– কেশবপুর (যশোর)
গাছ লাগিয়ে যত্ন করি, সবুজ পৃথিবী উপহার দিই”—এই স্লোগানকে সামনে রেখে কেশবপুরে অনুষ্ঠিত হলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ। জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে উপজেলার চত্বরে বৃক্ষরোপণ ও গাছ উপহার কর্মসূচি পালন করেন সংগঠনের সদস্যরা।
শুক্রবার(১৮ জুলাই) বিকাল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সদস্য মো. মিরাজ বিশ্বাস। বৃক্ষরোপণের পাশাপাশি কেশবপুর উপজেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে গাছ উপহার দেওয়া হয়। যেসব সংগঠনে গাছ বিতরণ করা হয়েছে, তার মধ্যে রয়েছে হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংক, বেগমপুর ব্লাড ব্যাংক, বংশী বাজার ব্লাড ব্যাংক, আলোর প্রদীপ ব্লাড ব্যাংক, কেশবপুর ব্লাড ব্যাংকসহ আরও অনেকে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরাজ বিশ্বাস। এছাড়া উপস্থিত ছিলেন সাকিব হোসেন, মাহিন হোসেন, মাহিম হোসেন, সারাফাত রহমান, আলিম হোসেন, ফাইজ হোসেন, ইকরামুল হোসেন, আসানুর রহমান, প্রিন্স হোসেন, শাওন হোসেন, জুয়েল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
মিরাজ বিশ্বাস তার বক্তব্যে বলেন, “জুলাই-আগস্টের শহীদদের স্মরণে আজকের এই বৃক্ষরোপণ ও গাছ উপহার কর্মসূচি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আজ এক বছর পূর্ণ হলো। যারা এই আন্দোলনে অংশগ্রহণ করে শহীদ হয়েছেন, তাদের রক্তের ঋণ স্মরণেই আমাদের এই আয়োজন। মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে, আমরা আজ স্বৈরাচার শেখ হাসিনামুক্ত একটি বাংলাদেশ পেয়েছি।
এসময় তিনি গাছ কাটার পরিবর্তে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার আহ্বান জানান। কর্মসূচিতে যে গাছগুলো রোপণ ও বিতরণ করা হয় তার মধ্যে রয়েছে কামরাঙা, মাল্টা, পেয়ারা, আম, জাম, কাঁঠাল, কৃষ্ণচূড়া, কদবেলসহ নানা প্রজাতির ফুল ও ফলজ গাছ।
বক্তারা বলেন, শুধু আন্দোলন নয়—দেশপ্রেমের বহিঃপ্রকাশ হতে পারে পরিবেশ রক্ষার মধ্য দিয়েও। বৃক্ষরোপণ সেই দায়িত্ব পালনের এক শক্তিশালী মাধ্যম।
প্রতিবেদকের নাম 















