
◼️গোলাম রব্বানী–সাতক্ষীরা তালা
সাতক্ষীরার তালা উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে রবিবার বিকেলে ঘটে যায় এক হৃদয়বিদারক ঘটনা। শাহাপুর মাদ্রাসার শিক্ষক শরিফুল গাজী (৩৮) নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই নির্মমভাবে খুন হন। তিনি হরিহরনগর গ্রামের বাসিন্দা এবং মৃত মাওলানা আলিমুদ্দিন গাজীর ছেলে।
স্থানীয়দের ভাষ্যমতে, একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর মানসিক ভারসাম্যহীন ছেলে রাজু গাজী (৩৬) হঠাৎই শিক্ষক শরিফুলকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে যায়। এরপর কোনো কিছু বুঝে ওঠার আগেই দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিক্ষক শরিফুল গাজীর।
শিক্ষকের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে হামলাকারী রাজুকে ধরে ফেলে এবং উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই রাজুরও মৃত্যু হয়।
তালা থানার অফিসার ইনচার্জ মাইনউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে।
এই ঘটনা এলাকায় চরম উত্তেজনা ও শোকের ছায়া তৈরি করেছে। মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে, আর এলাকাজুড়ে নেমে এসেছে নীরবতা।
প্রতিবেদকের নাম 















