
◼️মাসুদ রানা–স্টাফ রিপোর্টার
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারে চালু হলো নতুন একটি সরিষার তেলের কারখানা। শুক্রবার ২৫ জুলাই দুপুরে চৌমুহনী-চাঁপাপুর রোডের পূর্ব পাশে অবস্থিত “এসএস এন্টারপ্রাইজ”-এর সান সরিষার তেলের কারখানার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন তালোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মেহেরুল ইসলাম। তিনি ফিতা কেটে এবং কারখানার মিলের সুইচ চালু করে কারখানাটির শুভ সূচনা করেন।
কারখানার স্বত্বাধিকারী মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা পরিচালক সুমন হোসেনের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মোঃ আশরাফ আলী, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোবিন্দপুর ইউনিয়ন জামায়াতের আমীর মোঃ ফাসিহুল ইসলাম ও গোবিন্দপুর জামায়াতের সাংগঠনিক ওয়ার্ড আমির মোঃ শহিদুল ইসলাম।
আলোচনা সভায় মোঃ সোলেমান আলী বলেন, “আমাদের এই কারখানার লক্ষ্য হলো মানসম্মত সরিষার তেল উৎপাদন করা এবং তা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দেওয়া। দেশবাসী যেন ভালো ও খাঁটি তেল পায়, সেই চেষ্টাই আমরা করবো।” তিনি কারখানার সফল পরিচালনার জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জানান, “দুপচাঁচিয়ায় এমন একটি তেলের কারখানা প্রতিষ্ঠা আমাদের জন্য গর্বের বিষয়। এটি শুধু উন্নয়নই নয়, এলাকার বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে বলে আমরা বিশ্বাস করি।
অনুষ্ঠানের শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন চৌমুহনী বাজার জামে মসজিদের খতিব মাওলানা মোঃ এনামুল হক।
এই কারখানার যাত্রা নতুন আশার আলো হয়ে উঠুক, এমনটাই প্রত্যাশা এলাকাবাসীর।
প্রতিবেদকের নাম 















