
◼️মৌলভীবাজার প্রতিনিধি:
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, সাম্প্রতিক পুলিশ হত্যার ঘটনাকে সামনে এনে মূল দায় অভ্যুত্থানকারী ছাত্র জনতার ওপর চাপানোর অপচেষ্টা চলছে।
তিনি বলেন, “আমরা ৩ আগস্ট এক দফায় আমাদের অবস্থান পরিষ্কার করেছি—আমাদের লড়াই শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে। সরকার আমাদের ওপর দমন-পীড়ন চালিয়েছে, আমরা বাধ্য হয়েছি প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের আন্দোলন ছিলো ফ্যাসিস্ট রাষ্ট্র ও তার বাহিনীর বিরুদ্ধে।
শনিবার দুপুরে মৌলভীবাজারের বেরিরপাড়ে “দেশ গড়তে জুলাই” পথযাত্রা শেষে এক পথসভায় এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “পুরনো আইন ও পুরনো শাসনব্যবস্থায় বাংলাদেশ আর চলবে না। অভ্যুত্থানের পর নানা শক্তি দেশকে সামনে এগিয়ে নিতে কাজ করছে। আমরা বিচার, সংস্কার ও নতুন সংবিধানের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ গড়তে চাই।
এর আগে শহরের শহীদ মিনার থেকে “দেশ গড়তে জুলাই” পদযাত্রা শুরু হয়, যা কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়ক প্রদক্ষিণ করে বেরিরপাড়ে এসে শেষ হয়। এতে সর্বস্তরের কয়েক হাজার মানুষ অংশ নেন।
পথসভায় সভাপতিত্ব করেন এনসিপির মৌলভীবাজার জেলা প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। বক্তব্য রাখেন দলের সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।
এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ ও জাকারিয়া ইমন।
প্রতিবেদকের নাম 















